আবুসাঈদ গালিব
(দেওয়ানগঞ্জ প্রতিনিধি)
দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষকদের মানহানি, ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং প্রভাব বিস্তারের অপচেষ্টার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক মাহাফুজুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, কলেজ এলাকার বাসিন্দা মো. মাজহারুল ইসলাম নামে একজন চাকরি প্রত্যাশী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে চাকরি না পেয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন এবং বিভিন্ন সময় স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, “একসময় আওয়ামী লীগের শাসনামলে নিজেকে আওয়ামী লীগের লোক পরিচয় দিতেন, আর এখন রাজনৈতিক পালাবদলে নিজেকে বিএনপির কর্মী দাবি করে সেভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তাঁর এই দ্বিচারিতা এবং ষড়যন্ত্রমূলক আচরণে প্রতিষ্ঠানটি বারবার হুমকির মুখে পড়ছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রভাষক ফারজানা আক্তার, মাসুদা খানা রুমি, পরিমল চন্দ্র বর্মন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (টাইপিং) জায়েদা আক্তার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) আহসান হাবীব রুবেল এবং অফিস সহকারী হানিফ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সবার বক্তব্যে উঠে আসে—একটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষক-কর্মচারীরা এক প্রতিবাদ সভার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




