বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৮টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ের মাঠে প্রতিটি পরিবারকে এক জোড়া করে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা আন্বিষা আফরিনসহ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।




