মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জীবনের কঠিন সংগ্রামে হার মানলেন মাদারগঞ্জের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া নাঈম (১৮)। আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাত ১১টায় ঢাকা পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নাঈম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাকুর চর গ্রামের রাঙ্গা মিয়ার বড় ছেলে। রিকশাচালক বাবার উপার্জনেই চলতো পরিবার। এক পর্যায়ে রিকশাও বিক্রি করে দেন রাঙ্গা মিয়া। পরিবারের হাল ধরেছিল বড় ছেলে নাঈম। কিন্তু দুর্ঘটনায় তার মৃত্যু সেই পরিবারের স্বপ্ন-আশা ভেঙে চুরমার করে দিয়েছে।
নাঈমের মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়িতে পৌঁছায়। পরে দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুলাই বালিজুড়ী বাজার থেকে তেঘরিয়া যাওয়ার সড়কে কালারমোড়ের দক্ষিণে একটি ইটবোঝাই ট্রলি ও একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাঈমের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় ট্রলি চালক ও বাইসাইকেল আরোহীও আহত হন। এরপর থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাঈম।




