Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

মরণফাঁদে পরিণত বালিজুড়ী-জামথল সড়ক, দুর্ভোগ চরমে

মরণফাঁদে পরিণত বালিজুড়ী-জামথল সড়ক, দুর্ভোগ চরমে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বাজার-জামথল সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়ক কাদামাটিতে একাকার হয়ে পড়ে। প্রতিদিনই যানবাহন উল্টে দুর্ঘটনায় আহত হচ্ছেন যাত্রীরা।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, কার্পেটিং উঠে গিয়ে সৃষ্ট গর্তে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। হাঁটারও সুযোগ নেই। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর, চর গাবেরগ্রাম, চরশুভগাছা, কামারিয়ার চর, বগুড়ার জামথলসহ ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। এই সড়ক দিয়েই আসতে হয় মাদারগঞ্জ এএইচজেড কলেজ, নুরন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজ, বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়সহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ চরমে।

ব্যবসায়ী জহুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেকে ছবি তোলে, কিন্তু কাজ হয় না। কেউ একটা ইটও ফেলেনি।’

শুভগাছার তোফাজ্জল তালুকদার বলেন, ‘দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হব।’

চাঁদপুর এলাকার শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘এই রাস্তা শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গর্ভবতী নারী ও রোগী পরিবহনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

এ বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস জানান, ‘১২ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীতকরণ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পরিদর্শনও সম্পন্ন হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আপাতত গর্তে খোয়া-বালু ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.