বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে স্বস্তি ফেরাতে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ৫ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে ৫৯০ টাকা মূল্যের বিশেষ রমজান প্যাকেজ বিক্রয় করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল, খেজুর, চিনি, ছোলা ও মশুর ডাল।
এ কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার পরিবারের মধ্যে পণ্য বিতরণ করা হয়। সকাল থেকেই নির্ধারিত স্থানে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অনেকেই জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় টিসিবির পণ্য স্বল্পমূল্যে পাওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
ট্রাক সেলের সময় উপজেলা প্রশাসনের মনোনীত তদারকি কর্মকর্তা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তদারকি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, “সরকার রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে টিসিবির মাধ্যমে ট্রাক সেল পরিচালনা করছে। যাতে নিম্নআয়ের মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যে ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।”
ভোক্তারা সরকারের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তবে অনেকেই বলেন, পণ্যের চাহিদা তুলনামূলক বেশি হওয়ায় আরও বেশি সংখ্যক পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হলে সাধারণ মানুষ আরও উপকৃত হতেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে, যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির সুযোগ নিতে না পারে এবং সাধারণ মানুষ সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারেন।




