Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে পরীক্ষার সিটে বসা নিয়ে সংঘর্ষ, আটক ১৮

শেরপুরে পরীক্ষার সিটে বসা নিয়ে সংঘর্ষ, আটক ১৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ ১৮ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা চলাকালে বসা নিয়ে কলেজের নন্নী এলাকার শিক্ষার্থী আকাশ ও নালিতাবাড়ী শহরের শিক্ষার্থী ফরহাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ী থেকে ফরহাদের ২০–২৫ জন বন্ধু কলেজে আসে এবং শাকিল আহমেদ নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। তারা ক্ষুর দিয়ে শাকিলের শরীরে আঘাত করে গুরুতর জখম করে।

পরে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নালিতাবাড়ী থেকে আসা শিক্ষার্থী ও বহিরাগতদের ওপর পাল্টা হামলা চালায় এবং তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ বলেন, “পরীক্ষা চলাকালীন এক শিক্ষার্থীকে আরেকজন লাথি মারলে, স্থানীয় একজন প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এরপর বহিরাগতদের ডেকে এনে শাকিলকে গুরুতর জখম করা হয়।”

ইংরেজি বিভাগের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ জানান, “আহত শিক্ষার্থী শাকিলকে আমি শেরপুর সদর হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।”

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.