শেরপুরের নালিতাবাড়ীে হাতিপাগাড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগাড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয়।
বৈঠকের পর ওই ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, হস্তান্তর করা ব্যক্তিদের ২ জন পুরুষ, ২ জন নারী এবং বাকি ছয়জন শিশু। তারা রাজশাহীর বাসিন্দা। গত ৬ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানানো হয়েছে।
তাদের নাম-পরিচয়ও জানানো হয়েছে।
তারা হলেন- গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), তার স্ত্রী অনিতা রানী (২৬) ও তাদের দুই বছরের মেয়ে নন্দীনি লাকড়া এবং তানোর উপজেলার শ্রী সুখদেব উরাও (৩৫), তার স্ত্রী শ্রী গোলাপী উরাও (২৭) ও তাদের পাঁচ সন্তান মায়াদেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) এবং সাত মাস বয়সি সুদ্বীপ্ত উরাও।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিএসএফ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবার এলে আইন অনুযায়ী তাদের হস্তান্তর করা হবে।




