ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, “শেখ হাসিনার ধোঁকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম। ফ্যাসিস্টভাবে সাড়ে পনেরো বছর দেশ শাসন করা হয়েছে। দিনের ভোট রাতে বাক্সে ভরা হয়েছে।”
মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইসলামি আন্দোলন ময়মনসিংহ মহানগর আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, “নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের এমনভাবে আশ্বস্ত করেছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা তার কথা বিশ্বাস করে নির্বাচনে অংশ নিই। কিন্তু দেখা গেল, দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি কেউ বিদেশে বসে সিদ্ধান্ত নিতে পারেন না। দেশে এসে জনগণের সামনে ব্যাখ্যা দিতে হবে।”
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সংগঠনকে শক্তিশালী করতে পারেন, তবে খুনি ও টাকা পাচারকারীরা আর দেশের শাসনক্ষমতায় আসতে পারবে না।”
সমাবেশে তিনি ময়মনসিংহ সদর আসনে অধ্যাপক ডা. নাসির উদ্দীনকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জিএম রুহুল আমীন।




