Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জের সমবায় সমিতি সংকট: সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান বাস্তবতা

মাদারগঞ্জের সমবায় সমিতি সংকট: সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান বাস্তবতা

আব্দুর রহিম খান, গণমাধ্যম কর্মী:

মাদারগঞ্জে সমবায় সমিতির সংকট হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ সময় ধরে নানা ঘটনা ও পরিস্থিতির মধ্য দিয়ে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে।

Advertisement

বিগত সরকারের আমলে একটি গুজব ছড়িয়ে পড়ে যে সরকার ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে এবং ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। এই গুজবের সত্যতা যাচাই না করেই মাদারগঞ্জের দুটি বড় সমবায় সমিতি, আল আকাবা ও শতদলের কয়েকশ গ্রাহক একসঙ্গে তাদের আমানত ফেরত নেওয়ার জন্য অফিসে ভিড় করতে শুরু করেন।

এমন পরিস্থিতির মধ্যেই জোনাইল বাজারে অবস্থিত ‘আমার দেশ’ নামের একটি ছোট সমবায় সমিতির গ্রাহকরাও তাদের আমানত ফেরতের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু সমিতি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আত্মগোপনে চলে যায়। পরে ক্ষুব্ধ গ্রাহকরা অফিসে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি নিয়ে দেশের একটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়।

এরপর হাজার হাজার গ্রাহক একযোগে বিভিন্ন সমিতি থেকে নগদ টাকা উত্তোলনের জন্য অফিসগুলোতে ভিড় জমাতে থাকেন। কিন্তু বাস্তবতা ছিল, অধিকাংশ সমিতি আমানতের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে রেখেছিল। ফলে একসঙ্গে বিপুল পরিমাণ নগদ টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। এই সংকট ধীরে ধীরে আরও গভীর হতে থাকে এবং কয়েক মাস ধরে চলতে থাকে।

পরবর্তীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি নতুন মোড় নেয়। অভিযোগ রয়েছে, আল আকাবা, শতদল ও নবদীপ সমিতির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করার পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এতে সমবায় খাতে আরও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারের ভয়ে মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির মালিক ও পরিচালকেরা অফিসে তালা দিয়ে আত্মগোপনে চলে যান।

সেই সময় থেকে শুরু হওয়া অচলাবস্থা আজও পুরোপুরি কাটেনি। এর মধ্যে বড় কয়েকটি সমিতির মালিকপক্ষের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন এবং বর্তমানে জামিনে রয়েছেন। তবে গ্রাহকদের দাবি অনুযায়ী অর্থ বা সম্পত্তি ফেরতের কার্যকর সমাধান এখনো হয়নি।

প্রায় আড়াই বছর ধরে আন্দোলন-সংগ্রাম চললেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে, বড় সমিতিগুলোর সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে উপজেলার বিভিন্ন এলাকার কিছু সমিতিও আমানত বা জমি ফেরত দিতে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে।

মাদারগঞ্জের হাজার হাজার ক্ষতিগ্রস্ত গ্রাহক আজও তাদের কষ্টার্জিত অর্থ ও সম্পদ ফেরতের অপেক্ষায় রয়েছেন। সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন কার্যকর তদন্ত, জবাবদিহিতা এবং বাস্তবসম্মত পুনরুদ্ধার পরিকল্পনা।

 

* (প্রকাশিত মতামত লেখকের নিজস্ব এবং তা মুক্তকালের সম্পাদকীয় নীতির প্রতিফলন নাও হতে পারে) 

Advertisement