আব্দুর রহিম খান।। মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের শ্বশুরবাড়িতে বিষপানের পর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে তাকে জোরপূর্বক বিষপান করানো হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ থাকলেও পুলিশ বলছে, তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
নিহত মামুন (২৩) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ এলাকার ভুট্টুর ছেলে। প্রায় দুই বছর আগে বিদেশে অবস্থানকালে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল চর সনচর মোড় এলাকার দুলাল উদ্দিনের মেয়ে সিমা আক্তার (১৯)-কে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে মাদারগঞ্জের হাওয়াই রোড এলাকায় ঘোরাঘুরির পর তাকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে মেয়ের পরিবারের সদস্যরা আপত্তি জানান। পরে মামুন শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নেওয়ার অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি বিষপান করেন বলে স্বজনদের দাবি।
গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে হাজড়াবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিহতের বাড়ি মাদারগঞ্জে হলেও ঘটনাস্থল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায়। নিহতের পরিবারের দাবি, মেয়ের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিষপান করিয়েছে। তবে তদন্ত ছাড়া এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল সারিয়াকান্দি থানার আওতাধীন হওয়ায় মাদারগঞ্জ থানায় অভিযোগ গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্বজনদের সারিয়াকান্দি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




