আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমিতিতে আমানত রাখা গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে টানা দুই দিন ধরে সরকারি অফিসগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আন্দোলনরত গ্রাহকদের অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নাগরিক সেবা গ্রহণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার দুপুরে উপজেলার হাওয়াই রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হাজারো গ্রাহক। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা সমিতির মালিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে উপজেলা পরিষদের চারতলা ভবনের প্রবেশপথের কেচিগেটে তালা লাগিয়ে দেন কর্মচারীরা। ফলে সোমবার ও মঙ্গলবার সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সেবা নিতে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।
মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনের সামনে আন্দোলনকারীদের একটি অংশ অবস্থান নেয়। এ সময় সেবা নিতে আসা এক ব্যক্তির সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে টাকা উদ্ধার আন্দোলন কমিটির নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে আন্দোলনের সংগঠক মাহবুব আলম রতন বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইউএনও সাহেব আমাদের জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সমিতির মালিকদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের চেষ্টা করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।”
টাকা উদ্ধার আন্দোলন কমিটির মুখ্য সমন্বয়ক শিবলুল বারী রাজু বলেন, “এটি গ্রাহকদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলন। টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব। তবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষেই আছি।”
উল্লেখ্য, গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি সমিতির মালিকের সঙ্গে ফোনে কথা বলেন। পরে তিনি গ্রাহকদের আশ্বস্ত করেন যে, বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।




