স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই আসনের আরও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি পাওয়া গেছে।
অন্যদিকে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নপত্র দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
জেলা রিটার্নিং অফিসার ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, ব্যাংক ক্লিয়ারেন্স সংক্রান্ত জটিলতার কারণে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার সিআইবি প্রতিবেদনে প্রায় ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া ঋণ উল্লেখ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও তিনি বকেয়া পরিশোধের কাগজপত্র দাখিল করেছেন, তবে সময়মতো পরিশোধ না হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচনি আপিল আদালতে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পুনরায় যাচাই শেষে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
একই আসনে যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ ইসহকের মনোনয়নপত্র দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে। এছাড়া, ভোটার স্বাক্ষরের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান ও স্বাক্ষরের অসামঞ্জস্যের কারণে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জহুরুল ইসলাম চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
এই আসনে বিএনএফ প্রার্থী শাসছুল হকের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে। পাশাপাশি অগ্রণী ব্যাংকের আপত্তির কারণে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে। তার মামলার তথ্য ও নির্ভরশীল ব্যক্তির (স্ত্রী) তথ্যের গরমিল সংশোধন করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিলে প্রার্থিতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হাসান জহির ও শাজাহান গোলদারের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ না থাকায় তাদের প্রার্থিতাও পেন্ডিং রাখা হয়েছে। ত্রুটি সংশোধনের জন্য তাদের আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা পেন্ডিং রাখা হয়েছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে প্রার্থিতা ফিরে পেতে পারেন। এ জন্য ৪ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হবে।’
যশোরে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপির একাধিক প্রার্থী পেন্ডিং
Oplus_131072




