Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চায় বাংলাদেশ কংগ্রেস

মুক্তকাল নিউজ :
২০১৩ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে নিবন্ধন পর্যন্ত সকল দলীয় কার্যক্রমে ‘শাপলা’ প্রতীকই ব্যবহার করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়, দলটির প্রথম প্রচারপত্রে প্রাকৃতিক (ন্যাচারাল) ডিজাইনে শাপলার ব্যবহার করা হয়। পরবর্তীতে শৈল্পিকভাবে নকশা করে তা দলীয় কাগজপত্র, লোগো ও বিভিন্ন প্রচারসামগ্রীতে ব্যবহার করা হয়।

Advertisement

দলটির মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে জানানো হয়, ‘শাপলা’ জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে অনুমোদনযোগ্য নয়। সেই প্রেক্ষিতে বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করা হয়, যদিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত কাগজপত্রে তখনও ‘শাপলা’ প্রতীক ছিল।

সর্বশেষ ১৩ অক্টোবর সোমবার দাখিলকৃত আবেদনে দলটি জানায়, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক বরাদ্দ না থাকায় তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি কিছু রাজনৈতিক দলও ‘শাপলা’ প্রতীক দাবি করেছে। এ প্রেক্ষিতে যদি জাতীয় প্রতীক ‘শাপলা’কে কোনো দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেস-কেই অগ্রাধিকার দিতে হবে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দলীয় প্রতীকের বিষয়ে আবেদনের সঙ্গে সব ধরনের দালিলিক প্রমাণপত্র সংযুক্ত করা হয়েছে। তাদের দাবি— বর্তমান ‘ডাব’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ প্রতীকই বাংলাদেশ কংগ্রেসের প্রাপ্য।

Advertisement