Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’

‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’— এই অনুপ্রেরণামূলক স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলফ অফিসার দেলোয়ার হোসেন, স্বপ্নসারথি দলের সদস্য আফসানা আইরিন, সাথী আক্তার, রথি আক্তার ও সুপ্তি আক্তার।

অনুষ্ঠানে বাল্যবিয়ের বাঁধা অতিক্রম করে ১৮ বছর পূর্ণ করা স্বপ্নসারথি দলের সদস্যদের হাতে অতিথিরা ফুল, সার্টিফিকেট ও উপহারস্বরূপ মগ তুলে দেন।

পুরস্কার হাতে পেয়ে দলের সদস্যরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে স্বাবলম্বী নাগরিক হিসেবে সমাজে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মেয়েদের শিক্ষা, আত্মনির্ভরতা ও নেতৃত্ব বিকাশে ব্র্যাকের স্বপ্নসারথি দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনের শপথ নেন।

Advertisement