স্টাফ রিপোর্টার||
অপহরণের নাটক সাজানো সেই ছাত্রলীগ নেতা মো. শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল পাশা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে শাহেদ আলী (২১) এবং ফার্মগেট এলাকা থেকে জামাল পাশা (৪৩)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন।
এর আগে গত ৩ আগস্ট শাহেদ আলী নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, ডিবি পুলিশের একটি বিশেষ দল বিশেষ অভিযান চালিয়ে উত্তরা থেকে শাহেদ আলী এবং ফার্মগেট থেকে জামাল পাশাকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জামালপুর সদর থানার নাশকতার মামলায় আদালতে পাঠানো হবে।




