Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

ঠাকুরগাঁওয়ে ছয়টি টিয়া পাখি উদ্ধার, আটক ৩

ঠাকুরগাঁওয়ে ছয়টি টিয়া পাখি উদ্ধার, আটক ৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি টিয়া পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে বন্যপ্রাণী শিকার ও পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের নির্দেশে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

Advertisement

জেলা প্রশাসক ইশরাত ফারজানা টিয়া পাখিগুলো অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, বন কর্মকর্তা শরিফুল ইসলাম ও সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আবু বকর সিদ্দিক আসিফ।

আটকরা হলেন- ডারানুবাড়ী (পুকুরপাড়া) গ্রামের মো. মিঠুন (২২), দক্ষিণ পরিয়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২) এবং কোর্টপাড়া গ্রামের বিষ্ণু পাল (৪০)। তাদের কাছ থেকে ৬টি টিয়া পাখি উদ্ধার করে বিজিবি।

পাখি অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। এসব টিয়া পাখিকে অবমুক্ত করতে পেরে আমরা আনন্দিত। মানুষ যেন বন্যপ্রাণীর প্রতি আরও সচেতন হয় এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে, সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী আটকে রাখা আইনত দন্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রশাসন ও বন বিভাগ সর্বদা সতর্ক রয়েছে।

বিজিবি জানায়, সোমবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোর্টপাড়া সীমান্ত এলাকায় ৫০/ডি কোম্পানির কোর্টপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

তারা জানতে পারেন, সীমান্ত পিলার ৩৮৫ এর নিকট তিনজন ব্যক্তি ভারতের দিকে যাচ্ছেন।

এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১(১)(ক) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.