ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) সকালে উপজেলার জগদল সীমান্তের ওপারে ভারতের ২০০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়।
তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বাংলাদেশি নাগরিকরা হলেন- রানীশংকৈল উপজেলার জগদল গ্রামের বশির উদ্দিনের ছেলে মো. আলম (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. মিস্টার (৩০), একই উপজেলার জিয়াবাড়ী গ্রামের আবদুলের ছেলে মো. হামিদুল (৩০) ও আনসারুল ইসলামের ছেলে মো. শামীম (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর সীমান্তে মূল পিলারের ১ নাম্বার সাবপিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন চার যুবক।
তখন ভারতের অভ্যন্তরের ২০০ গজ ভেতরে ১৮৪ মুকেশ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ফেরত আনার চেষ্টা চলছে।




