হৃদয় আহম্মেদ স্টাফ রিপোর্টার
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সোমবার (১০ নভেম্বর ২০২৫) বা’দ আসর অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি। ক্যাম্পাস মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজের খতিব সাহেব “কুরআন পড়ার গুরুত্ব” বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর “কুরআন অবমাননা এবং আমাদের করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মুসলিম সমাজে কুরআনের মর্যাদা রক্ষা ও চর্চার প্রতি আহ্বান জানান।
পরবর্তী ধাপে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআনের কপি বিতরণ করা হয়। নারী শিক্ষার্থীদের হলে শরিয়তসম্মত পদ্ধতিতে কুরআন পৌঁছে দেওয়া হয়। শেষে গণ কুরআন তিলাওয়াত ও সমাপ্তি দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, কর্মসূচিতে অংশ নিতে পূর্বে গুগল ফরমের মাধ্যমে নিবন্ধিত শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পান। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ্।




