স্টাফ রিপোর্টার, জামালপুর :
জামালপুর সদর উপজেলায় এতিম, অসহায় ও কোরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’। সোমবার (১৮ মে) উপজেলার পৃথক তিনটি মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
খাবার বিতরণ করা মাদ্রাসাগুলো হলো— বেলটিয়া এলাকার ‘উমর ইবনুল খাত্তাব (রা.) মাদ্রাসা’, তিতপল্লা পশ্চিমপাড়া কামালখান হাটের ‘সাওদা-সিদ্দিকা (রা.) হাফেজিয়া মহিলা কওমী মাদ্রাসা’ এবং রূপসী কামালখান হাটের ‘রূপসী পাড়া রাবেয়া-আবেদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’।
এ সময় আবাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, “পবিত্র কোরআনের শিক্ষায় বেড়ে ওঠা এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তাদের মুখে হাসি ফোটানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
তারা আরও জানান, ‘আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতি মাসে সারা দেশে প্রায় পাঁচ হাজার এতিম, অসহায় ও কোরআনের শিক্ষার্থীর জন্য একবেলার খাবারের ব্যবস্থা করে থাকে।
খাবার বিতরণ শেষে মাদ্রাসাগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি এই মানবিক কার্যক্রমে সহযোগিতাকারীদের জন্য দোয়া করা হয়।
জামালপুরে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে তিন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ




