নিজস্ব প্রতিবেদক :
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির অপচয় রোধে দেশে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ-বান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে লক্ষীরচর “ক্লাইমেট স্মার্ট কৃষি: পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো (AWD) পদ্ধতির ফলাফল প্রদর্শন” শীর্ষক এক সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইম্প্রভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় এ মাঠ দিবস হয়।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।
মাঠ দিবসে প্রদর্শনী প্লটের ফলাফল তুলে ধরে জানানো হয়, প্রচলিত পদ্ধতিতে যেখানে ধান চাষে প্রচুর পানির অপচয় হয়, সেখানে AWD বা ‘ম্যাজিক পাইপ’ পদ্ধতিতে চাষ করে ধান উৎপাদনে খরচ ও পানি দুটোই নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম,
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাসসহ
স্থানীয় শিক্ষক ব্যাবসায়ী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের বাস্তব রূপ দেখতে পাচ্ছি। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে AWD বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো পদ্ধতি আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখার অন্যতম সেরা হাতিয়ার। এটি একাধারে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়াচ্ছে, অন্যদিকে আমাদের পরিবেশকে রক্ষা করছে।
মাঠ দিবস শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে AWD পাইপ (ম্যাজিক পাইপ) বিতরণ করা হয় এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।




