বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-র ধানুয়া কামালপুর এলাকায় পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জনপদে। গত শনিবার ১৬ এপ্রিল থেকে মাত্র দুই দিনে কুকুরের হামলায় প্রায় ২৫ থেকে ৩০ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২ থেকে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে এলাকায় কয়েকটি উন্মত্ত কুকুর প্রবেশ করে পথচারী, কৃষক, শিশু ও সাধারণ মানুষকে এলোপাতাড়ি কামড়ে আহত করছে। কুকুরের আতঙ্কে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে। বিশেষ করে শিশুদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।
আহতদের মধ্যে অনেককে দ্রুত স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর ধারণা, সীমান্তবর্তী এই এলাকায় প্রবেশ করা পাগলা কুকুরগুলো সম্ভবত পার্শ্ববর্তী ভারত থেকে এসেছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, তবুও সীমান্ত ঘেঁষা এলাকায় এমন ঘটনার কারণে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত পাগলা কুকুরগুলোকে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
“আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি”—এভাবেই ক্ষোভ ও আতঙ্কের কথা জানান স্থানীয়রা।




