Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

মেলান্দহে মৃত ব্যক্তির মৃত্যু তারিখ গোপন করে জাল দলিলের অভিযোগ

মেলান্দহে মৃত ব্যক্তির মৃত্যু তারিখ গোপন করে জাল দলিলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় মৃত ব্যক্তির মৃত্যু তারিখ গোপন করে জাল দলিলের মাধ্যমে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সি.আর আমলি আদালত, মেলান্দহে একটি মামলা দায়ের করেছেন নয়ন উদ্দিন নামে এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, দাগী মৌজার বিআরএস ১০৭ নম্বর খতিয়ানের ১১ ও ১৯ নম্বর দাগে মোট ৪৩ শতাংশ জমির মালিক ছিলেন কুলসুম বেওয়া। অভিযোগ অনুযায়ী, তিনি ১৯৮৩ সালের ১০ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে মারা যান।
অভিযোগে বলা হয়, মামলার বিবাদী আব্দুস সালাম গং পূর্বে আব্দুস সাত্তার ও আফসার আলীকে গ্রহীতা দেখিয়ে অন্য একজনকে কুলসুম বেওয়া হিসেবে উপস্থাপন করে মেলান্দহ সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল সম্পন্ন করেন। প্রকৃতপক্ষে কুলসুম বেওয়া ঘটনার দিন সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত ছিলেন না এবং কোনো দলিলে স্বাক্ষর বা টিপসই দেননি বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পক্ষের দাবি, সংশ্লিষ্ট জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে। সম্প্রতি বিবাদীপক্ষ ওই কথিত দলিলের ভিত্তিতে নামজারি আবেদন করলে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে গত বছরের ৮ ডিসেম্বর দলিলের নকল উত্তোলন করে জালিয়াতির বিষয়টি জানতে পারেন তারা।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি সাব-রেজিস্ট্রির মাধ্যমে বৈধভাবে হস্তান্তর করা হয়েছে এবং দলিল সম্পন্ন হওয়ার পরই কুলসুম বেওয়ার মৃত্যু ঘটে। তারা আরও দাবি করেন, কুলসুম বেওয়ার মৃত্যুর তারিখ নয়ানগর ইউনিয়ন পরিষদ থেকে সরবরাহ করা হয়েছে, যা যাচাই করলে প্রকৃত তথ্য জানা যাবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Advertisement
Advertisement