মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৩ মার্চ ২০২৬) সকালে সরেজমিনে দেখা যায়, কড়ইচড়া ইউনিয়নের ঝারকাটা ব্রিজের প্রায় ৩০০ গজ পূর্ব পাশে নদীর ভেতরের খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে এভাবে মাটি উত্তোলন করছেন। তিনি আনসার বাহিনীতে কর্মরত বলে দাবি করা হয়। অন্য উপজেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে তিনি এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
তাদের মতে, নিয়মিত মাটি কাটায় নদীর তীরবর্তী রাস্তা বর্ষায় ভাঙনের মুখে পড়তে পারে। পাশাপাশি নদীর জমিতে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদনের সুযোগ নষ্ট হচ্ছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন এবং প্রয়োজন হলে তারা বিষয়টি জানাবেন।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “বিষয়টি জেনেছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




