জামালপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখা।
শুক্রবার (৬ মার্চ) জেলা শহরের একটি এলাকায় সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, মুড়ি, তেল, ডাল, চিনি, ছোলা ও ভুটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কেবল সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই কাজ করে না, বরং সমাজের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করাকে তারা তাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
এই মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও জামালপুর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।




