মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে জামালপুর কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সাল থেকে প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে এ বছরও শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এসএম সিনিয়র মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৩ টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৬০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন— সভাপতি আলমগীর কবির, পরিচালক আব্দুল হক কিন্ডারগার্টেন; মহাসচিব আব্দুল মাজেদ, মাদারগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন; এবং পরীক্ষা নিয়ন্ত্রক মুস্তাফিজুর রহমান লান্জু, এফ এম কিন্ডারগার্টেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসোসিয়েশন সূত্রে আরও জানা গেছে, শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের ভিত্তিতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।




