Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ

মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।
শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রশাসনের দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, দেবিদ্বার-০৪ আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় নিয়ম ভঙ্গ করে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ ওঠে। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করা হলেও প্রশাসন ওই প্রার্থীর মনোনয়ন অনুমোদন দিয়েছে।
এ ধরনের সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—সে বিষয়ে জনমনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্টের পর আমরা দেখেছি কীভাবে জুলাই মাসকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হয়েছে, প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, প্রশাসন বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিলেও কিছু রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তবে আসন্ন নির্বাচনই প্রমাণ করবে প্রশাসন আদৌ কতটা সংস্কার হয়েছে।
দেবিদ্বারবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আপনারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার আপনাদের ভোটের অধিকার ফিরে এসেছে। আমি মা-বোন, ভাই, শিক্ষক, ডাক্তার, কৃষক ও শ্রমিক—সব শ্রেণি-পেশার মানুষের পক্ষে দাঁড়িয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।”
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ তারিখ সবাই কেন্দ্রে এসে ভোট দিন। ইনশাআল্লাহ, জনগণের ভোটে শাপলা কলির বিজয় নিশ্চিত হবে।”
উল্লেখ্য, কুমিল্লার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলের প্রার্থিতাসহ মোট ১৬ জনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এসব মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। তবে কুমিল্লা-০৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement