স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে তিনি পৌঁছান।
সাক্ষাৎকালে জামায়াত আমির তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বৈঠক শেষে রাত ৮টার দিকে তিনি সেখান থেকে বের হন।
সাক্ষাৎ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে এসেছিলেন এবং তিনি তাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন। তিনি এ সাক্ষাৎকে জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা প্রকাশ করেন।
জামায়াত আমির আরও বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
পোস্টে তিনি উল্লেখ করেন, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশের কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতার মধ্যে না থাকে।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহির প্রয়োজন হবে সেখানে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন।
সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াত আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপের আশ্বাস তারেক রহমানের
Oplus_131072




