সাজ্জাদ হোসাইন শাহিন -স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
সভা শুরুর আগে বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রস্তাবনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা, ছুটি, দাপ্তরিক সুবিধা ও কর্মপরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স প্রণীত অভিন্ন মানদণ্ড অনুযায়ী জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, পিপিএম।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহাম্মদ এবং বকশীগঞ্জ থানার ওসি মোঃ মকবুল হোসেন।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মকবুল হোসেন শ্রেষ্ঠ আইসি, সরিষাবাড়ি থানার এসআই (নিঃ) মোঃ চাঁন মিয়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
এছাড়া জেলা গোয়েন্দা শাখা-১ এর এসআই (নিঃ) মোঃ এহসানুল হক শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে দ্বৈত স্বীকৃতি লাভ করেন। ট্রাফিক বিভাগের টিএসআই রাশেদুল ইসলাম শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী অফিসার, বকশীগঞ্জ থানার এএসআই (নিঃ) আশরাফুল আলম শান্ত শ্রেষ্ঠ এএসআই এবং জামালপুর থানার এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পান।
সভায় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত দেবাশীষ চন্দ্র দত্তকে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে শুভেচ্ছা জানান।
পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত দেন। তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত হলেই পেশাগত দায়িত্ব পালনে গতি ও মান বৃদ্ধি পাবে।” একই সঙ্গে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভা শেষে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার অফিসার, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সদস্য, ট্রাফিক, কোর্ট পুলিশ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মাসিক কল্যাণ সভা জেলা পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।




