Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:20 pm
অন্যান্য

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: ডা. শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: ডা. শফিকুর রহমান

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪ শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে, ৩৪ হাজার পঙ্গুত্ববরণকারীর ত্যাগের নির্বাচন। আয়না ঘরের অন্ধকার জগতের অবসানের পর এই নির্বাচন নতুন বাংলাদেশের পথরেখা তৈরি করবে।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জামালপুরের সিংহজানি হাইস্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতির মধ্য দিয়ে একটি অন্ধকার সময় পার করেছে দেশ। তিনি বলেন, সেই দুঃসময় পেছনে ফেলে জনগণের সামনে এবার সত্যিকারের পরিবর্তনের সুযোগ এসেছে। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার নির্বাচন।
তিনি আরও বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং যারা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের রায়ের মাধ্যমেই সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। এজন্য তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জামালপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, জামালপুরসহ সারাদেশে নির্বাচনী মাঠে জনগণের ব্যাপক সাড়া পরিবর্তনের বার্তা দিচ্ছে। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জেলা জামায়াতের আমীর, সেক্রেটারি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement

Advertisement