Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

এনসিপি প্রার্থীর ওপর হামলা: অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

এনসিপি প্রার্থীর ওপর হামলা: অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

মুক্তকাল ডেক্স:
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত প্রস্তুতি সভায় সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি এবং দলকে অবহিত করেছি। দলের নির্দেশনায় অভিযুক্ত দিদার মোল্লাকে শোকজ করা হয়েছে। ঘটনা জানার পর আমি এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আবিদের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে কোনো উসকানিমূলক আচরণ থাকবে না।”
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। এই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এনসিপি প্রার্থী আবিদকে উদ্দেশ করে তিনি বলেন, “ভোট নিয়ে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকবে না। প্রয়োজনে আমরা একই মঞ্চে দাঁড়িয়ে জনগণের কাছে ভোট চাইতে পারি। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে।”
তিনি আরও বলেন, “আমাদের দল একটি বড় সংগঠন। কোথায় কী ঘটনা ঘটছে, সবকিছু এককভাবে জানা সম্ভব নয়। তবে কোনো অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণাকালে ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement