মুক্তকাল নিউজ:
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন,
“আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আমাকে দেখলে ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে—‘আমাদের হাঁস মার্কা’। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক।”
তিনি তার পালিত হাঁস চুরির ঘটনার কথা উল্লেখ করে বলেন,
“আমার হাঁসগুলো চুরি হওয়ার পর আমি আইনের আশ্রয় নিয়েছি। হাঁস প্রতীক নিয়েও যদি কেউ কোনো ষড়যন্ত্রের চিন্তা করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রুমিন ফারহানা আরও বলেন,
“আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, সেভাবেই এই আসনের উন্নয়নে কাজ করব।”
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যে প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
Oplus_131072




