Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ সিএনজি চালককে জরিমানা

বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ সিএনজি চালককে জরিমানা

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ (জামালপুর)
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজন সিএনজি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন। এ সময় বকশীগঞ্জ থানার এএসআই হাবিবসহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বেড়েছে। এই সুযোগে কিছু পরিবহনচালক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন—এমন অভিযোগের ভিত্তিতে মাঠে নামে প্রশাসন।
অভিযানকালে বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তিনজন সিএনজি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন বলেন, “ঈদ-পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযানে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হলে যাত্রী হয়রানি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

Advertisement
Advertisement