Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:30 pm
অন্যান্য

ইসলামী আন্দোলনের সমর্থন চাইতে আবার চরমোনাই পীরের দরবারে ভিপি নুর

ইসলামী আন্দোলনের সমর্থন চাইতে আবার চরমোনাই পীরের দরবারে ভিপি নুর

মুক্তকাল ডেস্ক:
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) আবারও ইসলামী আন্দোলনের সমর্থন প্রত্যাশায় চরমোনাই পীরের দরবারে গেছেন। গত মঙ্গলবার দুপুরে তিনি প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করেন।
সূত্র জানায়, এ সময় ভিপি নুর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিনি পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের সমর্থন চান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ভিপি নুর বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হলেও একই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের চেষ্টা সত্ত্বেও তাঁকে প্রার্থিতা থেকে সরানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রের দাবি, বিএনপির দুই উপজেলার অধিকাংশ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী হাসান মামুনের পক্ষে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে মামুনকে বহিষ্কার এবং গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটি বাতিল করা হলেও এতে উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেতাকর্মী এটিকে ‘শাস্তি’ হিসেবে দেখিয়ে মামুনের পক্ষে আরও সক্রিয় হয়েছেন। অন্যদিকে ভিপি নুরের পক্ষে রয়েছেন বিএনপির আগের কমিটির পদবঞ্চিত একটি অংশ। ফলে নির্বাচনী মাঠে ভিপি নুর কিছুটা চাপে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ভিপি নুর চরমোনাই দরবারে অবস্থান করেন। সেখানে তিনি জোহরের নামাজ আদায় করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠকের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব সৈয়দ এছাহাক আবুল খায়ের।
আবুল খায়ের বলেন,
“নুর নির্বাচনের জন্য পীর সাহেবের কাছে দোয়া চেয়েছেন। পীর সাহেব দোয়া করে বলেছেন, আপনিও আমাদের জন্য দোয়া করবেন।”
ভিপি নুর ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন চেয়েছেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“ভোটের সময় দোয়া চাওয়ার অর্থই এক ধরনের সমর্থন প্রত্যাশা। তবে আমাদের আমির এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।”
এ বিষয়ে ভিপি নুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক। তাঁকে এ আসনে তৃতীয় শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের হিসাব অনুযায়ী তিনি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ভিপি নুর ২০২৪ সালের ২৬–২৮ নভেম্বর চরমোনাই দরবারের বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নেন। সে সময় তিনি ইসলামপন্থি দলগুলোর মধ্যে নির্বাচনী জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি বিএনপির সমর্থনে পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হন।

Advertisement
Advertisement