মুক্তকাল ডেক্স:
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কার্যকর ভূমিকা না রাখায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। ওই বিবৃতিতে দুই উপজেলার সাংগঠনিক কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি সরাসরি কোনো প্রার্থী না দিয়ে গণ-অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ এ সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করে এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেনি। বরং তারা দল থেকে সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।
এই প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি দুই উপজেলার বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। দলীয় সূত্র আরও জানায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি।
এ বিষয়ে বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনি কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকে না। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “যে নেতা বহিষ্কৃত হয়েছেন, তাঁর সঙ্গে যারা আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটা স্বাভাবিক। তবে বাস্তবতা হলো—আমরা অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ পাইনি, আমরা হাসান মামুনের সঙ্গেই আছি।”
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির বিষয়টি আমরা অবগত হয়েছি। এ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছি।”
ভিপি নুরের পক্ষে মাঠে সক্রিয় না থাকায় বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
Oplus_131072




