মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।র্যালিতে অংশগ্রহণকারী শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নির্ধারিত কর্মঘণ্টা এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শতাধিক শ্রমিক ও নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ-সেক্রেটারি এডভোকেট ইলিয়াস হোসাইন। তিনি বলেন,
“শ্রমিকরা দেশের উৎপাদন ও উন্নয়নের মূল চালিকাশক্তি। অথচ এখনও অনেক শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মে দিবস আমাদের সেই অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন,
“শ্রমিকদের প্রতি বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ এবং কম মজুরির মতো সমস্যাগুলো সমাধানে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।”বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাজী রাসেল মাহমুদ এবং অর্থ সম্পাদক মোঃ সাইদুর রহমান । তারা বলেন,
“শ্রমিকদের অধিকার শুধু দাবি নয়, এটি তাদের ন্যায্য প্রাপ্য। শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।”এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়ান আরমান, পৌর আমির মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, বকশীগঞ্জ যুব জামাতের সেক্রেটারি মোঃ কারীমুল ইসলাম, বাট্টাজোড় ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু সাইদ এবং সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম।বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। শ্রমিকদের অধিকার রক্ষা করা না গেলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তাই শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”তারা আরও বলেন,
“বর্তমান সময়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন, যা ইতিহাসে ‘হে মার্কেট ট্রাজেডি’ নামে পরিচিত। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।সমাবেশ শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বকশীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ: শ্রমিক অধিকারের প্রশ্নে ঐক্যের ডাক




