Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

সানান্দবাড়িতে পাকা সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ

সানান্দবাড়িতে পাকা সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ

Oplus_131072

মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর)
দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলীয় চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন পাকা সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দায়সারা কাজের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, টুপকার চর থেকে খোলাবাড়ি পর্যন্ত প্রায় ১ দশমিক ৮৩০ কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ. স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর নির্বাচনকালীন সময়ে ভোটারদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে সম্প্রতি কাজটি পুনরায় শুরু করা হয়।
তবে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ইমরান হোসেন, জিয়াউল ইসলাম, আব্দুল মালেকসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণে বক্স কাটিংয়ের পর নিয়ম অনুযায়ী পানি দিয়ে রোলিং করে কিউরিং করার কথা থাকলেও ঠিকাদার তা করছেন না। এছাড়া সেন্ট ফিলিংয়ের কাজেও অনিয়ম করা হচ্ছে। এখন পর্যন্ত সড়কে কোনো রোলার মেশিন ব্যবহার করতে দেখা যায়নি বলেও তারা অভিযোগ করেন।
এলাকাবাসীর আশঙ্কা, যথাযথ তদারকি না থাকলে সড়কটি খুবই নিম্নমানের হবে এবং নির্মাণের ছয় মাস না যেতেই যানবাহনের চাপ ও বৃষ্টির পানিতে সড়কে খানা-খন্দের সৃষ্টি হবে। এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। এছাড়া সড়ক নির্মাণে ব্যবহারের জন্য নিম্নমানের রাবিশ খোয়া এনে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করা হয়েছে এবং ঠিকাদারকে কাজের মান বজায় রেখে সঠিকভাবে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি **মঞ্জুরুল ইসলাম নয়া’**র বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Advertisement
Advertisement