মুক্তকাল ডেক্স: প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫
বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর আগে শনিবার এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান কর্নেল অলি আহমদ।
তবে বিএনপির মতো দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ছেড়ে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এলডিপি সূত্র জানায়, মূলত আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কর্নেল অলি আহমদ বলেন, জোটগত সমঝোতার লক্ষ্যে এলডিপি বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিল। তবে ওই তালিকা থেকে নির্দিষ্ট কাউকে মনোনয়ন দিতেই হবে—এমন কোনো শর্ত ছিল না। তিনি বলেন, “আমরা বলেছিলাম, এই তালিকা থেকে অন্তত ৮ থেকে ১০ জনকে বিবেচনায় নিলেই আমাদের দল রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে। কিন্তু বিএনপি সেই আলোচনায়ই বসেনি।”
তিনি অভিযোগ করেন, বিএনপি মহাসচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনকি এলডিপির নেতারা দুই ঘণ্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও কোনো আলোচনা হয়নি। কেবল অনানুষ্ঠানিকভাবে কয়েকজন নেতার সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছে।
কর্নেল অলি বলেন, “শর্টলিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।”
এলডিপিকে অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে তিনি বলেন, “বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে, সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে। এটা আমাদের দলের জন্য চরম অবমূল্যায়ন।”
তিনি আরও বলেন, “আমাদের দল চাঁদাবাজি করে না। নেতারা নিজের পকেটের টাকা খরচ করে এত বছর দল পরিচালনা করেছে। অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই।”
এলডিপির অভিযোগ, বিএনপির সংকটকালীন সময়ে তাদের নেতারা সক্রিয়ভাবে পাশে ছিলেন। অথচ এখন দীর্ঘ সময় ধরে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ বা সম্মানজনক আলোচনা করা হয়নি।
বিএনপি ছেড়ে জামায়াত জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি
Oplus_131072




