Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

যমুনায় দিশেহারা নৌকা, রাতভর আতঙ্কে বরযাত্রী—সকালে উদ্ধার

যমুনায় দিশেহারা নৌকা, রাতভর আতঙ্কে বরযাত্রী—সকালে উদ্ধার

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে যমুনা নদীর মাঝনদীতে আটকা পড়ে নারী-শিশুসহ ৩৮ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা। রাতভর আতঙ্কের মধ্যে কাটানোর পর শনিবার সকালে প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান সানি (২৫)-এর সঙ্গে বগুড়া শহরের সাপগ্রাম চারমাথা এলাকার এক তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে বরযাত্রী বহনকারী নৌকাটি যাত্রা শুরু করে। নৌকায় বরসহ কনে পক্ষের ৪–৫ জন এবং মোট প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন।
যাত্রাপথে হঠাৎ ঘন কুয়াশায় চারদিক ঢেকে গেলে নৌকাটি দিক হারিয়ে যমুনা নদীর মাঝখানে নোঙর করে রাখতে বাধ্য হয়। রাতের আঁধার ও কুয়াশার কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। তবে নৌকায় থাকা সকল যাত্রী নিরাপদে ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হলে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। দুটি মাছ ধরার ট্রলারের সহায়তায় নৌকাটিকে পথ দেখিয়ে জামথল ঘাটের দিকে আনা হয়। দুপুর ১২টার দিকে নৌকাটি নিরাপদে ঘাটে পৌঁছায়।
আটকে পড়া যাত্রীদের একজন রাশেদুল ইসলাম বাবু জানান, “ঘন কুয়াশার কারণে আমরা পথ হারিয়ে ফেলি। মাঝনদীতে নৌকা নোঙর করে রাত কাটাতে হয়। পরে সকালে জেলেদের ট্রলার পথ দেখালে নিরাপদে ঘাটে পৌঁছাই।” এ ঘটনায় কেউ অসুস্থ হননি।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, সকাল ৮টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং বর-কনেসহ সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী বলেন, নৌকাটি মাদারগঞ্জের সীমানার বাইরে থাকলেও যেহেতু যাত্রীরা মাদারগঞ্জের বাসিন্দা, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহযোগিতায় সফলভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে।
উদ্ধারের পর সকল যাত্রী সুস্থ অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরে যান।

Advertisement
Advertisement