Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

থানার অনুমতি ছাড়াই কন্টেইনারে পেট্রোল বিক্রি, মাদারগঞ্জে লাবনী ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

থানার অনুমতি ছাড়াই কন্টেইনারে পেট্রোল বিক্রি, মাদারগঞ্জে লাবনী ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

বাড়ি বা জেনারেটরের ব্যবহারের জন্য পেট্রোল সংগ্রহ করতে হলে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট থানার লিখিত অনুমতি পত্র বাধ্যতামূলক। থানার অনুমতি পত্র পাম্প কর্তৃপক্ষকে দেখানোর পরই কন্টেইনারে পেট্রোল দেওয়ার বিধান রয়েছে। অনুমতি ছাড়া খোলা বাজারে কন্টেইনারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।
তবে এসব সরকারি নীতিমালার তোয়াক্কা না করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লাবনী ফিলিং স্টেশন থেকে থানার অনুমতি ছাড়াই কন্টেইনারে পেট্রোল বিক্রি করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিতভাবেই বিভিন্ন কন্টেইনারে পেট্রোল বিক্রি করা হচ্ছে, যা প্রকাশ্যেই আইন লঙ্ঘনের শামিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অনুমতি ছাড়াই পেট্রোল বিক্রির ফলে একদিকে সরকারের জ্বালানি সংক্রান্ত নীতিমালা ভঙ্গ হচ্ছে, অন্যদিকে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ বিক্রি বন্ধ না হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লাবনী ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে ম্যানেজার রাজু আহমেদ বলেন বিষয়টি দুঃখজনক, আমি থাকলে এভাবে পেট্রোল দিতাম না। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি শাকের আহমেদ বলেন বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

Advertisement

Advertisement