ডেস্ক রিপোর্ট ঢাকা,
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে রোববার তার চিকিৎসা–সংক্রান্ত মেডিক্যাল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ জানান, গতকালের মতো আজও বোর্ডের সব সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত করে ইতোমধ্যে তা বিদেশের একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো দেশ চূড়ান্ত হয়নি।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমত, বিদেশি কোনো হাসপাতাল তার চিকিৎসার কেস গ্রহণ করে কি না। দ্বিতীয়ত, রোগীকে নিরাপদে বিদেশে নেওয়ার মতো শারীরিকভাবে স্থিতিশীল (স্টেবল) অবস্থায় আনা সম্ভব হয় কি না। এই দুটি বিষয়ে নিশ্চিত হওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকরা জানান, হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হলেও তা অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ রিপিট সিটি স্ক্যানে তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ধরা পড়েছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট বাঁধারও লক্ষণ রয়েছে।
চিকিৎসকদের মতে, ব্রেইন স্টেমের ইনজুরি এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। অপারেশন করা পাশ দিয়ে মস্তিষ্ক কিছুটা বাইরে দিকে চাপ দিচ্ছে। বর্তমানে তার সবচেয়ে বড় জটিলতা মস্তিষ্ক–সংক্রান্ত সমস্যাই।
ফুসফুসের অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনো লাইফ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস–প্রশ্বাস চলছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের হিসাবে, প্রতিদিন গড়ে প্রায় চার লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ফ্লুইড ব্যালান্স বজায় রাখা হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত রক্ত জমাট বাঁধার জটিলতা—ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি)—এর অবস্থাও আগের মতোই রয়েছে। নতুন কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।




