মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের সাথে পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (খবরপত্র), সহ-সভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সদস্য ইয়াসিন আরাফাত (দিগন্ত টেলিভিশন), সদস্য আব্দুর রহিম (মুক্তকাল), সদস্য আনিছুর রহমান শাহীন (ভোরের চেতনা), সদস্য তাওহীদ হাসান (সরেজমিন বার্তা) ও সদস্য আলমগীর হোসাইন (বাংলার সময়)।
মতবিনিময় সভায় ইউএনও সুমন চৌধুরী সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,
“মাদারগঞ্জের উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীরা আমাদের শক্তি। আপনাদের গঠনমূলক ভূমিকা প্রশাসনকে আরও কার্যকর করবে।”
এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপজেলার অবকাঠামোগত সমস্যা, নদীভাঙন, জনসেবা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় ইউএনওর সামনে উপস্থাপন করেন। ইউএনও মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন এবং ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান ও ইতিবাচক পরিবর্তনের আশ্বাস প্রদান করেন।
সভার শেষে সাংবাদিকরা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে সফল দায়িত্বকাল কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




