Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদাবাজি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক দৈনিক খোলা কাগজ-এর মাদারগঞ্জ প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান সাইফুল। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার–হাসপাতাল সড়কের নূরুনাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজ এলাকার সামনে তার মোটরসাইকেলের গতিরোধ করে ইয়াকুব আলী নামে এক যুবক তাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত ইয়াকুব আলী মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকার খাদ্য ব্যবসায়ী আশরাফ হাজীর ছেলে।
জানা যায়, ২০২৫ সালের ১৪ জুলাই এক ঠিকাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ইয়াকুব আলীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় চাঁদাবাজি কার্যক্রমে জড়িয়ে পড়ে।
গত বছরের ১০ অক্টোবর ছাত্রদলের নেতা ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করে ইয়াকুব আলী ও তার সহযোগীরা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ফারুক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এ সময় ফারুক দৌড়ে আত্মরক্ষা করেন।
খবর পেয়ে ফারুকের ভাই ও বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছালে ইয়াকুব আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে ইয়াকুবের হাতে থাকা ছুরি দিয়ে বিপ্লবের বুকে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাবিবের পায়ে ও হাঁটুর ওপর ছুরিকাঘাত করা হয়। এছাড়া ফারুককেও লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
এসব ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র হাতে ইয়াকুব আলী সাংবাদিক মুস্তাফিজুর রহমান সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইয়াকুব আলীর বাবা আশরাফ হাজী বলেন, “আমার ছেলে আমাদের কথা শোনে না। আপনারা ওকে পুলিশে ধরিয়ে দিন। আমি ওকে সামলাতে পারছি না।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইয়াকুব আলীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement
Advertisement