Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

দেশে ফেরার সিদ্ধান্ত একা নিতে পারেন না বলে জানালেন তারেক রহমান

দেশে ফেরার সিদ্ধান্ত একা নিতে পারেন না বলে জানালেন তারেক রহমান

Oplus_131072

মুক্তকাল নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটময় এই সময়ে মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা তারও রয়েছে; তবে দেশে ফেরার সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারেন না। শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।

Advertisement

দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, মায়ের অবস্থা বিবেচনায় তারেক রহমান দ্রুতই দেশে ফিরতে পারেন। এ পরিস্থিতিতে শনিবার সকালে তারেক রহমান ফেসবুকে পোস্ট দিয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশের মানুষের প্রতি দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন। দল-মত নির্বিশেষে দেশবাসী তার রোগমুক্তির জন্য দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, দেশি-বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে চিকিৎসা দিচ্ছেন। একইসঙ্গে বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।

দেশে ফেরার প্রশ্নে তিনি লেখেন, “মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু এ বিষয়ে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমাবদ্ধ। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”

Advertisement