মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় সংহতির চেতনা আজও আমাদের প্রেরণার উৎস।”
সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনি: সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান সাকু, কোষাধ্যক্ষ মোস্তাক খান, সাবেক উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাসুদ খান, উপজেলা বিএনপির সহ সভাপতি মুঞ্জরুল ইসলাম মুছা, পৌর সভাপতি আব্দুল গফুর, পৌর সেক্রেটারি সোহেল তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।




