জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে জামায়াতের গণসংযোগে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।
শনিবার (৮ নভেম্বর) সকালে জামালপুর-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মাদরাসা সংলগ্ন এলাকায় গণসংযোগ করছিলেন। এসময় স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক জাকির উল্লাহ শিপলুর নেতৃত্বে বিএনপির একদল নেতা-কর্মী জামায়াতের গণসংযোগে বাধা দেয়। একপর্যায়ে তারা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।
এই ঘটনায় জামায়াত কর্মী পাবলু, মোতালেব, শাহীন, খাবিরুল, আবুল কালামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাও. মো. আব্দুস সাত্তার ও সেক্রেটারি এড. মো. আব্দুল আওয়াল এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রকাশ্যে দিবালোকে জামায়াত কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের এহেন বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ।”
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।
এছাড়া গতকাল (৭ নভেম্বর) রাতেও মাহমুদপুর বাজারস্থ জামে মসজিদে নামাজ শেষে গণসংযোগে বের হওয়ার সময় বিএনপি নেতা-কর্মীদের হামলায় মাহমুদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম গুরুতর আহত হন। হামলাকারীরা তার হাত ও পা ভেঙে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত রবিউল ইসলামকে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তারা এ ঘটনায় পুলিশের পক্ষপাতমূলক আচরণেরও নিন্দা জানান।




