স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ আতামারী এলাকায় নদীর ওপর নির্মিত হয়নি সেতু। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। প্রতিবছর নিজেদের অর্থায়নে মাটি কেটে অস্থায়ী বাঁধ নির্মাণ করে নদী পারাপারের ব্যবস্থা করলেও বারবার তা ধসে যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছেন শতাধিক এলাকাবাসী।
উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী, ধারাবর্ষা, গুচ্ছগ্রাম ও শংকরপুর এলাকার মানুষের যাতায়াতের অন্যতম পথ এই নদী। নদীর ওপর সেতু না থাকায় এসব এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে কেউ অসুস্থ হলে উপজেলা সরকারি হাসপাতালে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে প্রতিবছর নদী পারাপারের জন্য অস্থায়ী বাঁধ তৈরি করা হয়। কিন্তু বর্ষা কিংবা নদীর পানির স্রোতে সেই বাঁধ বারবার ভেঙে যায়। এতে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসীর দাবি, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দক্ষিণ আতামারীসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধন থেকে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।




