Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:18 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ৯৮ টাকায় দিনব্যাপী মিল্লি ভাতের আয়োজন

মাদারগঞ্জে ৯৮ টাকায় দিনব্যাপী মিল্লি ভাতের আয়োজন

জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৯৮ টাকায় একবেলা আনলিমিটেড মিল্লি ভাত খাওয়ার আয়োজন করেছেন ১০ তরুণ ও কনটেন্ট ক্রিয়েটর।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টাব্যাপী এ আয়োজনে দুই হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisement

উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারের কাশেমের মোড়ে এ আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দাবি, মাদারগঞ্জে এবারই প্রথম এত কম দামে দিনব্যাপী জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত ও পিঠালি ভাত খাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই টাকার কুপন সংগ্রহ করে ৯৮ টাকায় একবেলা ইচ্ছেমতো খাবার খেতে পারবেন আগ্রহীরা। এ ছাড়া থাকছে তিনটি আকর্ষণীয় পুরস্কার। পরিবারের সদস্যদের জন্য খাবার নেওয়ার সুবিধার্থে রয়েছে পার্সেল ব্যবস্থাও।

আয়োজকদের একজন মিলন চৌধুরী বলেন, জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাতকে মানুষের কাছে পরিচিত করে তুলতেই তাঁদের এ উদ্যোগ। কম খরচে সবাই যেন এ খাবারের স্বাদ নিতে পারেন, সে লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। কুপনের মাধ্যমে অংশগ্রহণকারীরা খাবারের পাশাপাশি পুরস্কার জেতার সুযোগও পাবেন।

আয়োজকেরা জানান, এর আগে জামালপুরের মেলান্দহ উপজেলায় স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটররা দুইবার এ ধরনের আয়োজন করেছিলেন। এবার মাদারগঞ্জেও ঐতিহ্যবাহী খাবার ঘিরে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।

Advertisement