জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের ত্যাগ ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।




