মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা।
ফাইনাল খেলার উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, পৌর বিএনপির সদস্য হাজী মাসুদ, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে লিজেন্ড ফুটবল একাদশ ও চেতনা স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে লিজেন্ড ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় ৩-১ গোলের ব্যবধানে চেতনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিজেন্ড ফুটবল একাদশ। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মাঠকে প্রাণবন্ত করে তোলে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।




