Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:34 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে গভীর রাতে পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ

বকশীগঞ্জে গভীর রাতে পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ

বকশীগঞ্জে পাচারের সময় ২৩ বস্তা বিএডিসির ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মুরাদ হোসেন জানতে পারেন, একটি ভ্যানযোগে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে। পরে তিনি রাতেই মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করা হয়।

Advertisement

অভিযান শেষে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সারসংকট ও বিতরণব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। চাহিদা অনুযায়ী সার না পেয়ে অনেক কৃষককে ফিরে যেতে হয়। এ ছাড়া কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি এবং অন্যত্র পাচার করছেন বলেও অভিযোগ রয়েছে।

সার বিতরণে অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদ্ধতিতে কৃষকের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হবে এবং বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অ্যাপের মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় একজন কৃষক তাঁর প্রয়োজন অনুযায়ী সার পাবেন। এতে অনিয়মের সুযোগ কমে আসবে।’

Advertisement